টাঙ্গাইল প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চিঠি

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজে ৫০ লাখ টাকার সরকারি বিশেষ অনুদানের চিঠি আজ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চিঠি হস্তান্তর করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভার ৪টি এবং ১২টি ইউনিয়নের মোট ১৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য এই অনুদান প্রদান করা হয়। এর মধ্যে মসজিদ ও মন্দিরের সংস্কার ও উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে স্থানীয় জনগণের সামাজিক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ এবং পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে সরকার দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর টেকসই অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় শুভসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়