ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ
গভীর রাতে কার্পেটিং সকালেই খসে পড়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাজীপুর ইউনিয়নের সিংগারোল-চিলকামনি সেতুতে গভীর রাতে কার্পেটিংয়ের কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত ১৩ জুন রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত সেতুটির ওপরে কার্পেটিংয়ের কাজ করা হয়। সকালে স্থানীয়রা গিয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজটি রিশি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করছে। এলাকাবাসীর অভিযোগ, সকালে সেতুতে গিয়ে তারা দেখেন কার্পেটিংয়ের কিছু অংশ খসে পড়েছে। তাদের দাবি, কাজের সময় প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং বিটুমিন যথাযথভাবে ব্যবহার করা হয়নি।
স্থানীয় বাসিন্দা খাদেমুল ইসলাম বলেন, জনগণের টাকায় নির্মিত প্রকল্পে কোনো ধরনের অনিয়ম থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দহগা গ্রামের আবদুল মালেক বলেন, রাতেরবেলা কাজ হওয়ায় আমরা বিষয়টি দেখতে পারিনি। সকালে এসে দেখি সেতুর ওপর করা কার্পেটিংয়ের কিছু অংশ খসে পড়েছে। কাজের মান নিয়ে সন্দেহ রয়েছে।
সিঙ্গারোল গ্রামের লিমন ইসলাম বলেন, সরকারি প্রকল্পে নিয়ম-কানুন মেনে কাজ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা উচিত। বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন বা নতুন করে কার্পেটিং করা উচিত বলে আমরা মনে করি।
ভেবড়া বোডের হাটে এলাকার আবদুর রহমান বলেন, গভীর রাতে কাজ করায় স্থানীয়রা কাজের গুণগত মান পর্যেবক্ষণ করতে পারেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানাই।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন এ বিষয়ে বলেন, রাতেরবেলা আমি ওই দিক দিয়ে আসছিলাম। তখন সেখানে কয়েকজনকে দেখতে পাই। তারা কোনো কাজ করছিল, তবে কার্পেটিংয়ের কাজ হচ্ছিল কি না সে বিষয়ে জানি না। পরে লোকমুখে শুনেছি কাজের মান নাকি খুব খারাপ হয়েছে।
পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মাইনুল ইসলাম এ বিষয়ে বলেন, রাতে কার্পেটিংয়ের বিষয়টি আমি জানি না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। রাতেরবেলা এ ধরনের কাজ করার নিয়ম নেই। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল রানার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
"







































