পশু কোরবানির সময় নাম বলা কি আবশ্যক

অনেক জায়গায় কোরবানির পশু জবাইয়ের সময় কোরবানি দাতার নাম পড়ে শোনানো হয়। জবাইয়ের সময় কোরবানি দাতার নাম বলার উদ্দেশ্য হচ্ছে কোরবানিটি যার পক্ষ থেকে করা হচ্ছে তার নাম পরিষ্কার ও নির্দিষ্ট করে দেওয়া। এভাবে নাম বলা ছাড়াও যদি জবাইকারী কোরবানি দাতাদের পক্ষ থেকে কোরবানি করার নিয়ত রাখেন, তা হলেও কোরবানি হয়ে যাবে। আবার নাম উল্লেখ করে করলেও সমস্যা নেই।
কিছু হাদিসে দোয়া পড়ে কোরবানি করার আগে কার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার নাম বলে তারপর ‘আল্লাহু আকবার’ বলে জবাই করার সমর্থন পাওয়া যায়। যেমন হাদিসে এসেছে- হজরত জাবের বিন আবদুল্লাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) যখন কোরবানির দিন দুটি শিংওয়ালা মোটাতাজা বকরি জবাই করতেন, কোরবানির পশু শোয়ানোর পর তিনি পড়তেন ‘ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লালিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, ওয়াআনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা ওয়া আন মুহাম্মাদিন (মুহাম্মদের পক্ষ থেকে) ওয়া উম্মাতিহি (তাঁর উম্মতের পক্ষ থেকে) বিসমিল্লাহি আল্লাহু আকবার।’ তারপর কোরবানি করতেন। (আবু দাউদ : ২৭৯৫)
শরিকানা পশুতেও জবাইয়ের সময় সবার নাম বলা যায়। যেহেতু যিনি জবাই করছেন তিনি সাতজন ব্যক্তির প্রতিনিধি হয়ে জবাই করছেন। তাই কোরবানি করার সময় তাদের পক্ষ থেকে তিনি কোরবানি করছেন, এ কথাটি পরিষ্কার করার জন্য নামগুলো বলা যায়। এতে দোষের কিছু নেই।
উল্লিখিত হাদিস থেকে জানা যায়, দোয়া পড়ে জবাই করলে আগে নাম উল্লেখ করায় কোনো সমস্যা নেই। তবে মুখে সব শরিকের নাম বলা জরুরি বিষয় নয়; বরং জবাইকারী শুধু পশুটির মালিকদের নামে কোরবানি করছেন- এতটুকু মনের মধ্যে রেখে জবাই করলেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। তাই নাম বলা নিয়ে জবাইকারীকে পেরেশানি করার প্রয়োজন নেই। (ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ : ১৫/৫১৭; বাদায়েউস সানায়ে : ৫/৭১)
পিডিএস/এমএইউ









































