ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে জাকার্তা

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের প্রভাবে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ জুন) ঢাকার বায়ুমান আবারও খারাপ পর্যায়ে পৌঁছেছে। এদিন রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৩২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাকার্তা, যেখানে বায়ুমানের স্কোর ২০০। তালিকায় দ্বিতীয় স্থানে আছে কিনশাসা (১৬৪) এবং তৃতীয় স্থানে কাম্পালা (১৫৩)। ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান করছে চতুর্থ স্থানে।
একিউআই মানদণ্ড অনুযায়ী, ৫০-এর নিচে স্কোর হলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এর ওপরে স্কোর গেলে ঝুঁকি আরও গুরুতর আকার ধারণ করে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বায়ুদূষণ শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য বেশি ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর তথ্য অনুযায়ী- বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, ক্রনিক শ্বাসযন্ত্রের রোগ এবং তীব্র সংক্রমণ প্রধান কারণ হিসেবে চিহ্নিত।
পরিবেশবিদরা মনে করছেন, দ্রুত নগরায়ণ, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুমান ভবিষ্যতে আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।









































