সাতক্ষীরা প্রতিনিধি

  ০৩ মার্চ, ২০২০

সুন্দরবনে অপহৃত ৩ জেলে উদ্ধার ২ বনদস্যু আটক

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খাল থেকে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। গত রোববার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তিন জেলেকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে। আটক দুই বনদস্যু হলো- বাগেরহাটের রামপাল উপজেলা সদরের গোলাম মোল্লা (৩৬) ও ভারতের বাসিন্দা জালাল উদ্দীন (৫০)। উদ্ধার হওয়া জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার কালিঞ্চি ও হরিনগর গ্রামের বাসিন্দা বাবলু গাজী, শহীদ হোসেন ও রেজাউল ইসলাম।

শ্যামনগর উপজেলার কৈখালী কোস্ট গার্ডের পেটি অফিসার নজরুল ইসলাম জানান, সুন্দরবনে মাছ শিকারে গিয়ে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হয় কালিঞ্চি গ্রামের দুইজন ও হরিনগর গ্রামের এক জেলে। অপহৃত জেলেদের পরিবারের মাধ্যমে বিষয়টি আমাদের দৃষ্টিতে আসে। রোববার রাত সাড়ে ৯টার দিকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের গ্রেফতারে অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খালের মধ্য থেকে তিন জেলেকে উদ্ধার ও একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলিসহ বনদস্যু বুলবুল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, দুই বনদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়