বিনোদন প্রতিবেদক

  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

প্রথমবার ভিলেন চরিত্রে রোজী সিদ্দিকী

অভিনয় জীবনের দীর্ঘ তিন দশক অতিবাহিত করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোজী সিদ্দিকী। দীর্ঘ এই পথচলায় এবারই প্রথম তিনি কোনো সিনেমায় খলনায়িকা বা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। ‘পরাণ’ নামক একটি সিনেমায় তাকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

এরই মধ্যে ময়মনসিংহে গেল ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর রোজী সিদ্দিকী সিনেমাটির

শুটিংয়ের কাজ শেষ করেছেন। এতে তিনি ডেইজি সরকারের ভূমিকায় অভিনয়

করেছেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে রোজী সিদ্দিকী বলেন, ‘নানা সময়ে সিনেমায় খলনায়িকার চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ব্যাটে-বলে মিলেনি বিধায় করা হয়ে উঠেনি। তবে আমার ইচ্ছা ছিল সিনেমায় এই ধরনের একটি চরিত্রে অভিনয় করার। চরিত্রটি ভালো লেগেছে বিধায় অনেকটা চ্যালেঞ্জ নিয়েই সিনেমাটিতে অভিনয় করেছি। তবে স্ক্রিপ্টটা যদি আগে পাওয়া যেত তবে আরো ভালোভাবে চরিত্রটি রপ্ত করে অভিনয় করলে নিজে আরো তৃপ্ত হতে পারতাম। তবে যতটুকুই করেছি আমি খুব আশাবাদী। দেখা যাক, দর্শকের রায়ে কী ফলাফল আসে।’

এদিকে ‘পরাণ’ সিনেমায়ই অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, শরিফুল রাজ, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফি।

রোজী সিদ্দিকী নিয়মিত ‘মান অভিমান’, ‘ঘুমন্ত শহরে’, ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও ‘তুমি আছো তাই’ ধারাবাহিকে অভিনয় করছেন।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে প্রয়াত মমতাজ উদ্দিন আহমদের নির্দেশনায় ‘সাতঘাটের কানাকাড়ি’ নাটকে প্রথম অভিনয় করেন রোজী সিদ্দিকী। এই নাটকে অভিনয়ের মধ্য দিয়েই পেশাগতভাবে অভিনয়ে তার যাত্রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়