কৃষির সংকট সমাধানে পথ খুঁজতে ইয়াকফের আঞ্চলিক সাধারণ সভা

তরুণ কৃষি ক্যাডার অফিসারদের পুনর্মিলনী এবং কৃষি তথা কৃষি ক্যাডারের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজতে ইয়াং এগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরামের (ইয়াকফ) ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ডিন অফিসে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক সালমা আক্তার ও ময়মনসিংহ জেলার উপপরিচালক মো. এনামুল হক, শেরপুর জেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ নূরুজ্জামান, নেত্রকোনার জেলা প্রশিক্ষণ অফিসার ড. চন্দন কুমার মহাপাত্র, ময়মনসিংহের কেওয়াটখালী হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, জামালপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত ইকরামসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কৃষি ক্যাডার অফিসার বৃন্দ।
অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের ইয়াকফের সাধারণ সম্পাদক ও উদ্যানতত্ত্ববিদ নাজমুস সায়াদাত স্বাগত বক্তব্যে বলেন, এটি শুধু একটি সাধারণ সভা নয়, বরং নবীন ও প্রবীণ কৃষি ক্যাডার অফিসারদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের একটি প্ল্যাটফর্ম। এই সংগঠনের মূল উদ্দেশ্য দেশের কৃষিখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করা, কর্মকর্তাদের দক্ষ করে তোলা এবং গঠনমূলক মতামত প্রদান করা। আমাদের চ্যালেঞ্জগুলো বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক পরিচয়ে। কৃষিখাতের অভূতপূর্ব উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ইয়াকফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ মো. এমাজ উদ্দিন বলেন, কৃষির উন্নয়নে বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সক্রিয় ভূমিকার অভাব থেকেই এ সংগঠনের জন্ম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নবীন কৃষি ক্যাডার অফিসারদের দক্ষতা বৃদ্ধি, পদোন্নতির সমস্যা সমাধান এবং পোস্টিংকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে। জিডিপিতে কৃষির অবদান ১১ শতাংশের বেশি হলেও কৃষির এ কান্ডারিদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। সংগঠনটি কৃষি ক্যাডারের নবম গ্রেডের অফিসারদের এক ছাতার নিচে নিয়ে এসেছে। পাশাপাশি অফিসারদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও পেশাগত সংকট মোকাবিলায় বিনামূল্যে কাজ করে যাচ্ছে। কৃষিখাতের উন্নয়নের জন্য এ খাতে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ কমাতেই হবে এবং বিভিন্ন গ্রুপিং বন্ধ করতে হবে। সর্বোপরি, ইয়াকফের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।
নেত্রকোনার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. চন্দন কুমার মহাপাত্র বলেন, ইয়াকফ তরুণ কৃষি কর্মকর্তাদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইয়াকফের সুসংগঠিত কার্যক্রমের ফলে আজ জাতীয় পর্যায়েও তারা নিজেদের দাবি তুলে ধরতে সক্ষম হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়েও সংগঠনটিকে গুরুত্ব দিতে হবে।
ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান বলেন, বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। এছাড়া দাবি আদায়ের জন্য প্রতিটা গ্রেড ভিত্তিক অ্যাসোসিয়েশন গড়ে তুলা প্রয়োজন। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন ও গ্রেডভিত্তিক সংগঠন শক্তিশালী করে বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। যারা নতুন তারা নিজেদের শাণিত করতে নিজ উদ্যোগে প্রযুক্তি বিষয়ক জ্ঞান আহরণ করা আবশ্যক। একতার পাশাপাশি পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।
শেরপুর জেলার এটিআই এর অধ্যক্ষ মোহাম্মদ নূরুজ্জামান বলেন, আমাদের পেশাগত অধিকার, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে সবাইকে সচেতন হতে হবে। জুনিয়র অফিসার যারা আছে, তারা যদি তাদের কার্যক্রম নিয়ে সচেষ্ট হয়ে সিনিয়র অফিসারদের তাগাদা দেয়, তাহলে তাদের যথাযথ অধিকার আদায় করা সহজ হবে। নেতৃত্বে থাকা নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা থাকবে, তারা বিভাগ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিবে। পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে সচেতন থাকবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চলের ইয়াকফের সভাপতি সুমিত বণিক, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুর। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং ইয়াকফের হাত ধরেই দেশের কৃষি এগিয়ে যাবে এ আশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি









































