reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

বাঁশখালীতে রাস্তার ইট লুটের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি : প্রতিদিনের সংবাদ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে চলাচলের রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগে (সি.আর ৭৯১/২৬ নং) মামলাটি দায়ের করেন বৈলছড়ী ১ নং ওয়ার্ডের মো. নাছির উদ্দীনের পুত্র মো. সাদিক হাসান।

মামলায় ৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করা হয়েছে।

নামোল্লেখ করা অভিযুক্তরা হলেন: মুন্সি মিয়া (৪৫), তেলিপাড়া, বৈলছড়ী ২ নং ওয়ার্ড, আবদুল মান্নান (৩৭), তেলিপাড়া, বৈলছড়ী ২ নং ওয়ার্ড, শফিক আহমদ (৪৮), নুন্যা পুকুর পাড়, বৈলছড়ী ৩ নং ওয়ার্ড, রশিদ আহমদ (৫৫), বৈলছড়ী ১ নং ওয়ার্ড, রমিজ আহমদ (৫০), বৈলছড়ী ১ নং ওয়ার্ড।

মামলার বিবরণী : মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী সাদিক হাসানের পৈতৃক বসতবাড়ির দীর্ঘদিনের চলাচলের রাস্তায় আসামিরা অন্যায়ভাবে বাধা প্রদান করে আসছিল। রাস্তায় চলাচল করতে হলে তাদের ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হবে বলে আসামিরা হুমকি দেয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা চলাচলের রাস্তায় বিছানো ইটগুলো তুলে লুট করে নিয়ে যায়। এতে সাদিক হাসান বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সাদিক হাসান জানান, "আমার বাড়ির দীর্ঘদিনের চলাচলের রাস্তার ইটগুলো তারা খুলে নিয়ে গেছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে চড়-থাপ্পড় মারে এবং আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে চলাচলের রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণসহ খুন-জখমের হুমকি দিচ্ছে।"

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়