নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নিকলী হাওরে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে আক্রান্ত হয়ে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাবুল সরকার (৪৫) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের বাসিন্দা কাছু মিয়ার ছেলে। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী স্টিলবডি নৌকায় করে আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে নিজ এলাকায় ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা নিরাপত্তার জন্য পাটাতনের নিচে আশ্রয় নেন বলে জানা যায়। তবে নৌকার নিয়ন্ত্রণে থাকায় বাবুল সরকার ওপরেই অবস্থান করছিলেন।

একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নৌকার অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে পাটাতনের নিচে থাকা যাত্রীরা ওপরে উঠে এসে বাবুল সরকারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়