সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদা দাবি, যুবক আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার মালতীনগর ফকিরপাড়া এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে রাসেল (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার (২১ জুন) বিকেলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরি বটতলা গ্রামের মো. মছের আলীর ছেলে।

১ লাখ টাকা চাঁদা দাবি, অতঃপর গণধোলাই : স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মালতীনগর ফকিরপাড়ার বাসিন্দা জিন্নাত আলী আকন্দের বাড়িতে একটি ভ্যানযোগে আসেন রাসেল। তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দাবি করেন, জিন্নাত আলীর পুত্রবধূ লাবনীর নামে একটি মামলা রয়েছে। বিষয়টি ধামাচাপা ও মীমাংসা করে দেওয়ার কথা বলে তিনি পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় রাসেলের কথাবার্তায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা তার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান। তবে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। প্রতারক বুঝতে পেরে স্থানীয় লোকজন তাকে ধরে বেঁধে রাখেন এবং সলঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী জিন্নাত আলী আকন্দ বলেন, "আমি বিকেলে খাবার খাচ্ছিলাম। তখন এক যুবক এসে আমার পুত্রবধূকে ডেকে বলে, তার নামে মামলা রয়েছে এবং সে ডিবি পুলিশ। পরিচয়পত্র দেখতে চাইলে সে কিছুই দেখাতে পারেনি। তখনই আমাদের সন্দেহ হয় এবং আমরা প্রতিবেশীদের ডাকি।"

৫০০ টাকার চুক্তিতে ভাড়াটে প্রতারক : আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পুলিশের কাছে এক চাঞ্চল্যকর তথ্য জানান। তার দাবি, একই এলাকার মেহেদী নামে এক ব্যক্তি তাকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে ডিবি পরিচয় দিয়ে ওই পরিবারটিকে ভয়ভীতি দেখানোর জন্য পাঠিয়েছিলেন।

ঘটনাস্থলে থাকা ভ্যানচালকের জবানবন্দি এবং প্রাথমিক অনুসন্ধানেও এই চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রতিনিধি ও পুলিশের বক্তব্য : স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে সচেতন স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী আজ সোমবার (২২ জুন) সকালে জানান, "আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত চাঁদাবাজি ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে।"

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়