রাজবাড়ী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

রাজবাড়ীতে দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত জামির বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জামির বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট গ্রাম এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। গুরুতর আহত জামির বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত ব্যক্তি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়