বিনোদন প্রতিবেদক

  ৫ ঘণ্টা আগে

ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

রুমানা রশীদ ঈশিতা বাংলাদেশের একজন নন্দিত নাট্যাভিনেত্রী। তবে মাঝে মাঝে তিনি গানও করেন। তার বেশ কিছু শ্রোতাপ্রিয় মৌলিক গানও রয়েছে। দীর্ঘদিন তার নতুন কোনো গান নেই। যে কারণে এবার তিনি বর্ষার সময়কে প্রাধান্য দিয়ে একটি নতুন গান করতে যাচ্ছেন। গানের শিরোনাম ‘মন খারাপের এই দিনে’। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গানটি আজ থেকে কয়েক বছর আগের লেখা। একদিন গল্প প্রসঙ্গে ঈশিতার সঙ্গে নতুন গান করা নিয়ে কথা হয় অভি মঈনুদ্দীনের। সেই সময়েরই গান এটি। আগামী কিছুদিনের মধ্যে গানটির সঙ্গীতায়োজনের কাজ শেষে ঈশিতা গানটিতে ভয়েজ দিবেন বলে জানান।

ঈশিতা বলেন,‘ মন খারাপের এই দিনে-গানটির কথা ও সুর যেদিন প্রথম শুনি তখনই আমার ভালোলেগে যায়। যেহেতু গানটি আগেই অভি ভাইয়ের লেখা ও সুর করা ছিল, যে কারণে তার কাছে গানটি গাইবার ইচ্ছে প্রকাশ করি। তবে এরইমাঝে আম্মা ইন্তেকাল করলেন। সবকিছু সামলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতেও একটু সময় লাগছে। নিজের সংসার, সন্তান এবং আব্বুকেও সময় দিতে হয়। যে কারণে গানটি করতে একটু দেরীই হয়ে গেল। তবে এবার সত্যিই ইচ্ছে আছে গানটি পুরো বর্ষায় প্রকাশ করার। কিছুদিনের মধ্যেই গানটিতে ভয়েজ দিবো। ইচ্ছে আছে টাঙ্গুয়ার হাওড়ে ভিডিও করার যাতে গানটির কথা ও সুরের সেঙ্গ ভিডিওর সমন্বয়টা সুন্দর হয়।’

অভি মঈনুদ্দীন বলেন, ‘২০২১ সালের গান এটি। ২০২২ সালে গানটি নিয়ে কথা হয় ঈশিতার সঙ্গে। এরপর গানটি নিয়ে কয়েকবার কথা হলেও কোনোকিছু চূড়ান্ত হয়নি। কিন্তু অবশেষে কিছুদিনের মধ্যে গানটিতে ঈশিতা ভয়েজ দিবেন। আশা করি, ভয়েজ দেবার পরপরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা শেষে একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এর আগে আমার প্রকাশিত গানগুলো যেরকম এই গানটিও ঠিক একই ঘরানার। গানের কথা এমন-আমার মন খারাপের এই দিনে, শুধু তোমাকেই মনে পড়ে, তুমি বাড়িয়ে দাও দুটি হাত, আদরে জড়িয়ে রাখো এই আমাকে-গানের কথা ও সুর শ্রোতা দর্শককে মুগ্ধ করবে।’

উল্লেখ্য, ঈশিতার উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘সব চাওয়াতো হয় না পাওয়া’, ‘তোমার জানালায়’, ‘আমার অভিমান’, ‘রাত নিঝুম’ ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়