বিনোদন প্রতিবেদক

  ৫ ঘণ্টা আগে

নতুন রূপে বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সর্বশেষ তাকে পর্দায় দেখা গেছে গেল কুরবানির ঈদের সিনেমা ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের সিনেমাটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন আদর আজাদ। তবে সিনেমায় অভিনয়ে নিয়মিত না হলেও অনুষ্ঠানে ফিতা কাটা আর বিজ্ঞাপনে নিয়মিতই আছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নানা বিষয়ে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করেন তিনি।

শনিবার (২০ জুন) সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন শবনম বুবলী। সেখানে দেখা গেছে বিয়ের সাজে অভিনেত্রী। না- এটা নিজের বিয়ে নয়; বরং পেশাদার কাজ। বিজ্ঞাপনের সাজ।

একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে বউ সেজেছেন অভিনেত্রী। ভারি নকশাখচিত সেই লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গহনা। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল অভিনেত্রীর এমন রূপে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরাও।

সামাজিক মাধ্যমে ছবি পোস্টের পর বুবলীর সাজের প্রশংসা করেছেন অনেকেই। আবার কেউ কেউ নবজাতক কন্যার ছবি কবে প্রকাশ করবেন, সেটিও জানতে চেয়েছেন। তবে বরাবরের মতোই মন্তব্যের ঘরে নির্বিকার অভিনেত্রী।

সেই পোস্ট করা ছবির ক্যাপশনে শবনম বুবলী লিখেছেন- অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন শবনম বুবলী। জানিয়েছেন তার ও শাকিব খানের সংসারে দ্বিতীয় সন্তান আসার কথা। সেই কন্যাসন্তানের নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতোই নীরব আছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়