বিনোদন প্রতিবেদক

  ৫ ঘণ্টা আগে

প্রকাশ পেল দিঠির ‘রবি ঠাকুর’

কিছুদিন আগেই যাত্রা শুরু করেছে নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা দিঠি আনোয়ারের নিজের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’। এরইমধ্যে এই চ্যানেলে তার দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। একটি ‘মেঘলা আকাশ’ ও অন্যটি ‘জন্মের পরে’। আর গত রবিবার সন্ধ্যায় প্রকাশ পেলো দিঠির আরো একটি মৌলিক গান ‘রবি ঠাকুর’। সবগুলো গানেরই গীতিকার দিঠির বাবা প্রয়াত দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। দিঠির পরম সৌভাগ্য যে এমন গুণী একজন মহান মানুষের কন্যা তিনি। যেখানে অন্য শিল্পীরা একজন গাজী মাজহারুল আনোয়ারের একটি গীতিকবিতার জন্য অপেক্ষা করতেন পরম ধৈর্য্য নিয়ে, সেখানে এমন মহান মানুষের কন্যা হয়ে বাবার লেখা কিছু গান করার সৌভাগ্য হচ্ছে দিঠির। বাবার অপ্রকাশিত গানগুলো দিঠি তার কণ্ঠে শ্রোতাদের উপহার দিচ্ছেন। রবি ঠাকুর; গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আব্বুর লেখা জীবনের শেষ কয়েকটি গান আমার গাইবার সৌভাগ্য হচ্ছে। রবি ঠাকুর গানটি তার মধ্যে অন্যতম। এই গানটি এর আগে বিটিভিতে আমি গেয়েছিলাম। গানটি প্রচার হবার পর বেশ সাড়া পেয়েছিলাম। এখন নতুন করে আমার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেলো। আশা করছি আব্বুর লেখা এই গানটি যুগের পর যুগ শ্রোতাদের মাঝে বেঁচে থাকবে। ধন্যবাদ এই গানের সুরকার, সঙ্গীত পরিচালককে গানটির যথাযথ সুর করার জন্য। সত্যি বলতে কী অপু শুধু ভালো গায়ই না, ভালো সুরও করে। আমার কণ্ঠে প্রকাশিত গানগুলোই তার প্রমাণ। অপুর জন্য অনেক অনেক শুভ কামনা।’ অপু আমান বলেন, ‘গাজী চাচা আমাকে তার লেখা পাঁচটি গান দিয়েছিলেন। এটা একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টের গানগুলোই একে একে প্রকাশ পাচ্ছে। গাজী চাচা আমার উপর আস্থা রেখেছিলেন বলেই আমার সৌভাগ্য হয়েছিল এই গানগুলোর সুর করার। দিঠি আপার প্রতি খুবই কৃতজ্ঞ যে তিনিও তার বাবার মতোই আমার উপর অনায়াসে আস্থা রেখেছেন। প্রত্যেকটি গানের কথার গভীরতা আমাকে ভীষণভাবে আবেগ তাড়িত করে।’

দিঠির একক অ্যালবামগুলো হচ্ছে ‘পোড়াচোখ’, ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’ এবং ‘একালের গান সেকালের গান’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়