উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় বটগাছের ডাল ভেঙে কালী মন্দির ও দোকানসহ বসতঘর বিধ্বস্ত, আহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিশালাকার বটগাছের ডাল ভেঙে পড়ে একটি ঐতিহ্যবাহী কালী মন্দির, দোকান ও বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওসমান গণি নামে এক স্থানীয় দোকানি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পংরৌহা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা গ্রামে একটি বহু পুরোনো বটগাছ রয়েছে। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতোই গ্রামের সাধারণ মানুষ বটগাছতলার ওসমান গণির দোকানের সামনে বসে গল্প ও আড্ডায় মেতেছিলেন। রাত আটটার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা গাছটির একটি বিশাল ডাল ভেঙে নিচে পড়ে।
ডালটি সরাসরি নিচে থাকা পুরোনো টিনের ছাউনির কালী মন্দির, ওসমান গণির দোকান এবং সংলগ্ন বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে স্থাপনাগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় দোকানে থাকা ওসমান গণি ডালের আঘাতে আহত হন।
বুধবার (১ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেঙে পড়া বিশাল ডালটি এখনো দুর্ঘটনাস্থলেই পড়ে রয়েছে।
গ্রামের বাসিন্দা সুলতান প্রামাণিক, খোরশেদ আলম ও বাঞ্চারাম সরকার জানান, বটগাছের গোড়া ঘেঁষেই টিনের ছাউনি দেওয়া কালী মন্দিরটি অবস্থিত। এটি অত্যন্ত পুরোনো একটি মন্দির, যেখানে পংরৌহা গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। মন্দিরটি এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে মন্দিরটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান জানান, ভেঙে পড়া বিশাল ডালটি দ্রুত দুর্ঘটনাস্থল থেকে সরানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলছেন বলে নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জেনে ডালটি সেখান থেকে সরানোসহ নিলাম ডাকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) অফিসে জানানো হয়েছে।
পিডিএস/এমএইউ








































