চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চৌদ্দগ্রামে ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নে অবস্থিত গুচ্ছগ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শূন্যরেখা (জিরো লাইন) থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগম গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী।

মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাফেরা ও ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ভারতীয় সীমান্ত সংলগ্ন শূন্যরেখা এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

তবে রোকেয়া বেগমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়