সিরাজগঞ্জ প্রতিনিধি
কামারখন্দে অগ্নিকাণ্ডে সাতটি দোকানের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। বুধবার (১০ জুন) ভোরে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ৬টার দিকে চান সুইট নামে একটি দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চান সুইটস, অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার, মনোহারী দোকান, সেলুন ঘর, আধুনিক কনফেকশনারি অ্যান্ড রকমারি আসবাবাপত্র, মৃতশিল্পের দোকান, ফ্রিজের মেকানিক্যাল দোকানসহ প্রতিটা ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। চান সুইটসের মালিক লাল মিয়া বলেন, দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
আমার সব শেষ হয়ে গেছে। ঈদ উপলক্ষে আমাদের চিনি, তেল সবকিছুই স্টক করা ছিল। ব্যাংক থেকে কিছু লোন নেওয়াা হয়েছে। আমাদের সব মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, আমরা ভোর সোয়া ৬টার দিকে খবর পেয়ে দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করি। পুরোপুরি আগুন নেভাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।
পিডিএস/এমএইউ









































