চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ০৩ জুলাই, ২০২৪

চৌদ্দগ্রামে নামাজরত ইমামকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে রিয়াজুল হক সজীব (২৫) নামে যুবকের ছুরিকাঘাতে বদরুল হাসান (৪২) নামে মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবকে আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার (৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ জুলাই) মাগরিবের নামাজ চলাকালীন উপজেলার আলকরা ইউনিয়নের সাতচর উত্তরপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ইমাম ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত রিয়াজুল হক সজীব উপজেলার আলকরা ইউনিয়নের সাতচর গ্রামের বাসিন্দা।

আহত ইমাম বদরুল ফরিদপুরের বোয়ালমারী থানার হাসেমদিয়া গ্রামের শামসুলের ছেলে। তিনি আলকরা ইউনিয়নের সাতচর রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদরাসার মোহতামিম হিসেবে দায়িত্ব পালন এবং সাতচর উত্তরপাড়া জামে মসজিদে দীর্ঘ ২২ বছর ধরে ইমামতি করছেন।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

জানা যায়, মসজিদের পাখা চালু নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার নামাজরত অবস্থায় ইমাম বদরুলের পাজরের দুইপাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে সজীব। এতে রক্তাক্ত অবস্থায় ইমাম বদরুল মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এদিকে ইমামের ওপর হামলার খবর শুনে স্থানীয়রা হামলাকারী যুবক সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়। পরে বুধবার দুপুরে সজীবকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সাতচর উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি শাহআলম ভূঁইয়া বলেন, ইমামের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব, হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম বলেন, হামলার ঘটনায় দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

আলকরা ইউপি চেয়ারম্যান মাইনউদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি এ হামলার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তির শাস্তি দাবি জানাই।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘ইমামের উপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার দুপুরে আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,চৌদ্দগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়