উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে শিক্ষার্থীকে উত্যাক্ত করায় যুবকের জেল

কুড়িগ্রামের উলিপুরে এক স্কুল শিক্ষার্থীকে উত্যাক্ত (ইভটিজিং) করার দায়ে দুলাল মিয়া (২৪) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) রাতে উপজেলার উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দুলাল মিয়া উপজেলার হাতিয়া ভবেশ ফকিরপাড়ার বাসিন্দা। তিনি চৌমহনী বাজারের এক হোটেল শ্রমিকের কাজ করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, দণ্ডাপ্রাপ্ত যুবক দুলাল মিয়াকে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে চৌমহনী বাজারের দক্ষিণ মাথায় দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন দুলাল। পরে বাজারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০ অধ্যাদেশের ৫০৯ ধারায় দুলাল মিয়াকে দোষী সাব্যস্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং (উত্যাক্ত) ও গণউপদ্রব রুখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
পিডিএস/আরডি









































