এম এ লিতু, কালীগঞ্জ (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জ
মৌচিক ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে হট্টগোল, পাল্টাপাল্টি অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলে (মৌচিক) দ্বন্দ্ব যেন লেগেই আছে। এর জেরে বুধবার (৩ জুলাই) সকালে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) শ্রমিক ইউনিয়নের নেতাকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২ জুলাই) কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কারখানার সহব্যবস্থাপক জামাল উদ্দিন।
এদিকে শ্রমিক ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতায় থাকা ও আয়-ব্যয়ের হিসাব না দেওয়ার অভিযোগ করেছেন শ্রমিকরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কারখানার মৌসুমি চালক মুশফিকুর রহমান ডাবলু, হিসাব বিভাগের টাইপ কিপার আতিয়ার রহমান, করনিক রফিকুল ইসলাম ও গ্যারেজ ফিটার আব্দুর রহিমে নেতৃত্বে ২০-২৫ জন ব্যবস্থপনা পরিচালক সাইফুল ইসলামে কক্ষে ঢুকে। পরে ব্যবস্থপনা পরিচালকসহ কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নানা রকম হুমকি দেওয়া হয়। পরে কারখানার সহব্যবস্থাপক (সংস্থাপন শাখা) জামাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি জিডি করেন।
তবে মৌসুমিচালক মুশফিকুর রহমান ডাবলু অভিযোগ করেন, সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ৯ বছর ধরে বিনা ভোটে ইউনিয়নের ক্ষমতায় আছেন। তিনি কোনো দিন শ্রমিকদের আয়-ব্যয়ের হিসাব দেয় না।
অভিযোগের ব্যাপারে মুশফিকুর রহমান ডাবলু বলেন, ‘আমরা সকালে জানতে পারি গোলাম রসুল ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের কক্ষে আছেন। আমরা তার কাছে অবৈধভাবে ক্ষমতায় থাকা ও হিসাবের ব্যাপারে শুনতে যাই। সেখানে কোনো ঘটনা ঘটেনি।’
মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কক্ষে ঢুকে হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া থানায়ও বিষয়টি জানিয়েছি।’
অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ মোবাইল ফোনে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পিডিএস/আরডি









































