নিজস্ব প্রতিবেদক
ঐক্যবদ্ধ জাতিই পারে পরিবেশবান্ধব স্বদেশ গড়তে : গৌরাঙ্গ চন্দ্র কর

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয় গণতান্ত্রিক লীগ ও জাসদ-শাজাহান সিরাজ যৌথভাবে এক মানববন্ধনের আয়োজন করে।
বিশ্ব পরিবেশ উপলক্ষে এই দুই সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। গত ৫ জুন শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র কর। তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ জাতিই পারে সমৃদ্ধ, উন্নত ও পরিবেশবান্ধব দেশ গড়তে।
আরো বক্তব্য দেন জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট সমীর রঞ্জন, মুক্ত খবরের সহকারী সম্পাদক গণি মিয়া, ন্যাপ ভাসানীর নেতা মো. তোফাজ্জল হোসেন বানু, মানবতাবাদী কবি ও নারী নেত্রী এলিজা রহমানসহ অন্যরা।
গৌরাঙ্গ চন্দ্র কর বলেন, পরিবেশ বান্ধব দেশ গড়তে হলে বাংলাদেশে যেসব কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে করতে হবে তা হলো বেকারদের কর্মসংস্থান ও উদ্যোক্তা বানাতে হবে।
নতুন ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে বাধাগুলো দূর করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাকে সহজ শর্তে ঋণ দিয়ে সহায়তা করতে হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারকে কৃষকের পাশে দাঁড়াতে হবে। কারণ তারাই হাড়ভাঙ্গা পরিশ্রম করে শহরবাসীকে নানা প্রকার খাদ্যদ্রব্য যুগিয়ে থাকে। তারা লাভবান না হলে দেশ সমৃদ্ধ হবে না।
বেকারদের কর্মসংস্থান হলে দেশ হবে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত। মাদকের ছোবলে দেশের নতুন প্রজন্ম এখন দিশাহারা, বিপথগামী। তাদের রক্ষা করার জন্য মাদক চোরাচালন ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
গণতান্ত্রিক আইনের শাসন কায়েম করতে হবে। অন্যদিকে নদী, খাল-বিল, পাহাড়, বনভূমি দখলকারীদের কবল থেকে সরকারি জমি দখলমুক্ত করতে হবে দলনিরপেক্ষভাবে। তবেই আমরা পারব পরিবেশবান্ধব দেশ গড়তে।
"






































