কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কক্সবাজার থেকে আনোয়ার হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই সঙ্গে মামলার অপর আসামি ও সাব্বিরের বাবা আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ জুন) ভোররাত ১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজার সদর এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। পরে তাকে কসবা থানায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে নিহত আনোয়ার হোসেনের বাবা গিয়াসউদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই কসবা থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার মধ্যে প্রধান আসামির অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রধান আসামির দ্রুত গ্রেপ্তারের খবরে নিহত আনোয়ারের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কসবা থানা পুলিশের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব বিরোধের জেরে রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আনোয়ার হোসেন হত্যা মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়