মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের পাশ থেকে প্রায় ২৪ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ও স্থানীয় সূত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহত যুবকের নাম চয়ন বনিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাদেব বনিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে তিনি ভারতের আগরতলা শহরে বসবাস করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চা বাগান থেকে মরদেহ উদ্ধারের খবর ও ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
পিডিএস/এমএইউ









































