বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলে সংঘর্ষে নিহত এক আহত ৭

পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশে হাওলাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ স্থাপনের উদ্যোগ নেন রবিন হাওলাদার। এ জন্য তিনি প্রতিবেশীদের কাছে অর্থ সহযোগিতা চান। তবে প্রতিবেশী আনন্দ ব্যাপারীর পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রবিন পুকুরপাড়ে দাঁত ব্রাশ করতে গেলে আনন্দ ব্যাপারী ও তার ছেলে রবিনসহ তাদের পরিারের সদস্যদের সঙ্গে পুনরায় কথা কাটাকাটি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে রবিনের পক্ষের আরো ৩ জন এবং আনন্দ ব্যাপারীর পক্ষের ৩ জনসহ মোট ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আনন্দ ব্যাপারী ও তার দুই ছেলেসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে।
"







































