গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা
সতর্ক অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ওই সীমান্তের ২০৩/৬-আর পিলারে বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করার সময় এই ঘটনা ঘটে।
বর্তমানে ২৮ জনই ভারতীয় শূন্য লাইনে অবস্থান করছে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা সংবাদ পেয়ে ওই সীমান্ত এলাকায় যায়। তারা জানতে পারেন ভারতীয় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২০৩/৬-আর পিলারে কাছ দিয়ে ২৮ জন ব্যক্তি বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে। বর্তমানে তারা ওই সীমান্তে অবস্থান করছে।
বিজিবি জানিয়েছে, বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে।
১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৮ জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এদিকে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম হোসেন বলেন, বিজিবি বিষয়টি তাকে অবহিত করেছে।









































