কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কসবায় চোরাই পণ্য আটককে কেন্দ্র করে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ

পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে চোরাই পণ্য আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারি চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সীমান্ত এলাকা থেকে একটি হলুদ রঙের পিকআপ ভ্যানে ভারতীয় বিভিন্ন পণ্য নিয়ে নয়নপুর বাজার এলাকায় প্রবেশ করে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বিজিবি সদস্যরা গাড়িটি আটক করলে চোরাকারবারিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।

চোরাকারবারিদের দাবি, গাড়িতে থাকা পণ্যগুলো বৈধভাবে আনা হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে এগুলোকে ভারতীয় চোরাই পণ্য বলে দাবি করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে।

বিজিবির দাবি, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে এবং নিজেদের গাড়ির গ্লাস ভাঙচুর করে বিজিবির বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত আটক করা পণ্যবাহী পিকআপটি ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সুলতানপুর ৬০ বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় চোরাই পণ্যবাহী একটি হলুদ পিকআপ আটক করেছিল। পরে সংঘবদ্ধ চোরাকারবারিরা ঘটনাস্থলে এসে বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। গুলি চালানোর মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল। রক্তপাত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

তারা আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়