ইবি প্রতিনিধি

  ১৩ ঘণ্টা আগে

সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। এছাড়া এদিন দুপুর ১২টার দিকে হিজাব নিয়ে কটুক্তি ও দেশব্যাপী অব্যাহত ধর্ষণর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মিছিলটি ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় “হিজাব, নিকাব, পর্দা আমার মায়ের মর্যাদা”, “হিজাব নিয়ে বিদ্বেষ রুখে দাও বাংলাদেশ”, “বিএনপির অনেক গুণ, ১০০ দিনে ৬০০ খুন”, “ধর্ষক আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার” ইত্যাদি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় সভাপতি ইউসুফ আলী বলেন, সংসদে মনিরুল হক চৌধুরী আমাদের মা-বোনদের হিজাব নিয়ে কটূক্তি করেছে। তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে অতিসত্বর বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়াও বিএনপির যেসব সাংসদ টেবিল চাপড়িয়েন তাদেরকেও ক্ষমা চাইতে হবে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইসলাম বিদ্বেষীতার মহোৎসব চলছে। যে যত বেশি ইসলাম বিদ্বেষ ছড়াতে পারবে, তার পদ যেন তত বড় হচ্ছে। এটা যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে জনতা তাদেরকে উচ্ছেদ করতে বাধ্য হবে। বিএনপি ভারতকে খুশি করার জন্য ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। তারা ইসলামী ব্যাংক ও আন দ্বীন হাসপাতালে আঘাত হেনেছে।

এদিকে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম রহমান বলেন, আপনারা মুসলিম হিজাব-নিকাব পরহিতা মা-বোনদের দিকে কাদা ছোঁড়ার চেষ্টা করেছেন। হিজাব হচ্ছে আমার অধিকার, হিজাব আমাদের আত্মমর্যাদার প্রতীক। শুধু শাড়ি কিংবা কোনো বিষয় নিয়ে কথা বললেই শাহবাগীরা রাস্তায় নেমে যায়। সুশীল সমাজ আজকে কোথায়? সরকারকে মনিরুল হক চৌধুরী বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ জাতির সামনে দেখাতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়