খেলা ডেস্ক
জেনে নিন গলফ খেলার নিয়ম

গলফ খেলায় প্রধান সরঞ্জাম মূলত দুটি। গলফ ক্লাব ও গলফ বল। অন্যান্য উপকরণের মধ্যে থাকে টি, নিশানদ-, বল মার্কার, গলফ ব্যাগ, ক্লাব কভার। বাধ্যতামূলক নয়, তবে গলফাররা গ্লাভস, ক্যাপ, কেডসও ব্যবহার করে গলফের কেতা অনুসরণ করেন। খেলাটার মধ্যেই যে একটা আভিজাত্যের সুর আছে।
গলফে টি ব্যবহার করা হয় প্রথম শটটি খেলার জন্য বলকে মাটি থেকে একটু উঁচুতে রাখতে। নিশানদ- ব্যবহূত হয় দূর থেকে ‘হোল’ চিহ্নিত করার জন্য। খেলার সময় প্রয়োজনভেদে একজন গলফার বিভিন্ন ধরনের সর্বোচ্চ ১৪টি ক্লাব ব্যবহার করতে পারেন। গলফ ক্লাব সাধারণত কাঠ, লোহা, পাটার এই তিন ধরনের বা এদের সংকর হয়ে থাকে।
কিছু ব্যতিক্রম বাদে গলফ ১৮ হোলের খেলা। খেলার ফলাফল নির্ধারিত হয় সব কটি হোল সম্পন্ন করতে নেওয়া সর্বমোট স্ট্রোকের ভিত্তিতে। নির্ধারিত স্ট্রোকের চেয়ে সবচেয়ে কম খেলা স্ট্রোকের ভিত্তিতেই ঠিক করা হয় বিজয়ী।
তাই খেলাটির স্কোরিংও করা হয় প্রতিটি হোলের জন্য নির্ধারিত স্ট্রোক বা ‘পার’-এর সঙ্গে তুলনা করে। ১৮ হোলের জন্য নির্ধারিত সর্বমোট স্ট্রোকের সংখ্যা ৭২ অথবা ৭১। যার মধ্যে চারটি হোল তিন স্ট্রোকের, মোট ১২ স্ট্রোক; দশটি হোল চার স্ট্রোকের, মোট ৪০ স্ট্রোক এবং চারটি হোল পাঁচ স্ট্রোকের, মোট ২০ স্ট্রোক। পারের চেয়ে এক স্ট্রোক কম খেলাকে বলা হয় ‘বার্ডি’। যথাক্রমে দুই, তিন ও চার স্ট্রোক কম খেলার নাম ইগল, অ্যালবাট্রস বা ডাবল ইগল ও কন্ডোর। এই বার্ডি বা ইগলই একজন গলফারের পরম আরাধ্য। যেহেতু গলফ খেলায় কম সংখ্যক স্ট্রোকই একমাত্র বিবেচ্য, তাই একটা বার্ডি বা ইগলের অর্থ হলো পারের চেয়ে -১ বা -২-এ এগিয়ে থাকা এবং জয়ের দিকে অগ্রসর হওয়া। অপরদিকে পারের চেয়ে বেশি স্ট্রোক খেলাকে স্ট্রোকের সংখ্যার ভিত্তিতে যথাক্রমে ‘বগি’, ডাবল বগি ও ট্রিপল বগিতে সংজ্ঞায়িত করা হয়।
প্রতিবছরই পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন গলফ টুর্নামেন্ট ও চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে। প্রাইজ মানির হিসাবে প্লেয়ারস চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ, দুবাই, ইউরোপিয়ান ট্যুর প্রভৃতি প্রতিযোগিতা এগিয়ে থাকলেও ঐতিহ্য ও মর্যাদার দিক থেকে বিশেষ উল্লেখযোগ্য মেজর চ্যাম্পিয়নশিপ বা শুধুই মেজর। মেজরে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়েরাই অংশগ্রহণ করে থাকেন এবং একজন খেলোয়াড়ের খ্যাতি ও প্রতিপত্তি বহুলাংশে নির্ভর করে মেজরের সংখ্যার ওপর।
"








































