নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে আরো চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত এক দিনে নতুন করে আরো ১ হাজার ১৬০ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো প্রাণহানি হয়নি।
সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭২৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭০ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরো ৯৯০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এ সময়ে মোট ১৫ হাজার ৪৪২ শিশুর হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ২ হাজার ৪৬৭ শিশু ছাড়পত্র পেয়েছে।
"









































