প্রতিদিনের সংবাদ ডেস্ক
তিন জেলায় ২৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

দিনাজপুরের বিরামপুর, ঝিনাইদহের মহেশপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ২৩ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার ভোরের দিক বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জন ও মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জন এবং ফনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : জেলার বিরামপুর সীমান্তে ৯ নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বাংলাদেশে প্রবেশ প্রতিহত করেছে বিজিবি। তাদের আবারও ভারত সীমান্তে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টায় বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের পাশে ওই ৯ নারীকে ফেরত পাঠিয়েছে বিজিবি। জানা গেছে, ভারতের অভ্যন্তরে অবস্থান নেওয়া ৯ নারী ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে নিয়ে আসা হয়। বিজিবি ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টায় খিয়ারমামুদপুর গ্রামে দুই দেশের সীমানা পিলার ২৯১/২০ এস পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৯ নারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ভারতে পাঠিয়ে দেয়। এরপর থেকে ওই ৯ নারী ২৯১/২০ এস পিলারের পাশে ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছে। স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টায় ভারত থেকে ৯ জনকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি বিজিবি এবং স্থানীয় জনগণ টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেছে। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
ঝিনাইদহ : জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এ পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টায় ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা ৪ পুরুষ ও ২ নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তিনি আরো বলেন, বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে।
ফেনী : জেলার পরশুরাম সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বিজিবি সদস্যদের টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টায় ফেনী ব্যাটালিয়নে (৪ বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের (২১৪৫) নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবি জানায়, প্রাথমিকভাবে ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলেশিশু রয়েছে। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার পর সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।
"









































