নিজস্ব প্রতিবেদক
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। গতকাল সোমবার তিনি সংসদে বাজেট আলোচনায় জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘এই দলটি ১৯৭১ সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল; মহান সংসদে দাবি করব, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রচারের সমালোচনা করে রফিকুল ইসলাম জামাল আরো বলেন, “নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন, গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহশত দিয়েছেন, আমরা দেখেছি, বিড়ির সুখ টানের মধ্য দিয়েও তারা বলেছিল, ‘সকল পাপ মওকুফ হওয়া যাবে’। এইভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা ইসলামের নামে রাজনীতি করছে, এই দলটি ১৯৭১ সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল।” নির্বাচনী প্রচারে ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হক বলেছিলেন, ‘বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে।’ এ মন্তব্যের কারণে জামায়াত তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল।
কুষ্টিয়া-১ আসনের সংসদ রেজা আহমেদ বলেন, ‘মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদে নামাজ পড়বে, কোরআন শরিফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যায়, রাজনীতি করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আইন করতে- যাতে কোনো মসজিদ-মাদরাসায় রাজনৈতিক মিটিং করা না যায়।’ জামায়াতের প্রতি ইঙ্গিত করে রেজা আহমেদ বলেন, ‘আমরা যেমন প্রকাশ্যে মাঠে, স্কুলে বা কোনো হলরুমে কর্মিসভা করি, জনসভা করি। তাদেরও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সঙ্গে সবাই একমত কি না, জানি না।’
"







































