নিজস্ব প্রতিবেদক

  ৬ ঘণ্টা আগে

ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েন

আ.লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুর। ২২ থেকে ৩০ জুন পর্যন্ত এসব জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে গতকাল সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’ এতে আরো বলা হয়, ‘এমন অবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমালের সুরক্ষায় আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আ.লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা আমরা লক্ষ করছি। বিভিন্ন জেলায় তাদের মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নেওয়ার তথ্য পাওয়া গেছে। দুয়েকটি স্থানে এ ধরনের তৎপরতা দেখা গেছে। এতে আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আজ (সোমবার) থেকে ৩০ জুন পর্যন্ত ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরো দুটি জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়