মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের হাওরে পানি বৃদ্ধি বন্ধ ফেরি চলাচল

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রভাবে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির উচ্চতা বাড়ায় জেলার ছয়টি ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে হাওরবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ বেড়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নদনদীর পানি বৃদ্ধির কারণে কয়েকটি ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। জননিরাপত্তার স্বার্থে এসব ঘাটে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। সওজ বিভাগ সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইন উপজেলার শান্তিপুর, ইটনা উপজেলার বড়িবাড়ী ও বলদা এবং বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। ফলে এসব ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ছোট ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে নদী পারাপার করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীরা। পাশাপাশি কৃষিপণ্য, মাছ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও জটিলতা দেখা দিয়েছে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার প্রায় সব নদনদীর পানি বেড়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানির স্তর আরো বাড়তে পারে। আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী কয়েকদিন উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ কারণে হাওরাঞ্চলের নদনদীর পানির স্তর আরো বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, পাউবো ও সওজ বিভাগ নজরদারি অব্যাহত রেখেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়