নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপের এমডিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। গতকাল সোমবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে মামলার আবেদনটি করেন তিনি। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি রেজাউল করিম।
মামলায় আসামি করা হয়েছে, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর, আনভীরের মা আফরোজা, আনভীরের স্ত্রী সাবরিনা, আহমেদ আকবর সোবহান, শারমিন, সাফিয়া রহমান মিম, মডেল পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপন।
বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, ‘আনভীর বিয়ের প্রলোভন দেখিয়ে মুনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে বিয়ে না করে নৃশংসভাবে হত্যা করে। আর এতে তার পরিবারের সদস্যসহ অন্য আসামিরা সাহায্য করে। আমরা এ অভিযোগে আটজনকে আসামি করে মামলা করেছি। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।’
মুনিয়া মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মৃত শফিকুর রহমান। গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দীঘি এলাকায়। এর আগে মুনিয়ার ‘আত্মহত্যা’য় প্ররোচনার অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে আনভীরকে অব্যাহতি দেয় আদালত।
"








































