ক্রীড়া ডেস্ক
চল্লিশ দিনের ফুটবল উৎসব মেক্সিকোয়

অবশেষে ফুরাল অপেক্ষার প্রহর। ৪০ দিনের ফুটবল উৎসবের সূচনা হলো মেক্সিকোয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে শাকিরা-বার্না বয়ের পারফরম্যান্সের মধ্য দিয়ে পর্দা উঠল বিশ্বকাপের ২৩তম আসরের। উদ্বোধনের কিছুক্ষণ পরই যৌথ আয়োজক মেক্সিকোর মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। ওই খেলায় ২-০ গোলে জয়ী হয় মেক্সিকো। পরের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া।
উদ্বোধন অনুষ্ঠান আলাদা তিনটি শহরে হলেও ভাবনাটা এক ও অভিন্ন- আয়োজক তিন দেশের সংস্কৃতি তুলে ধরে বৈশ্বিক মেলবন্ধ তুলে ধরাই যার লক্ষ্য। মেক্সিকো সিটির উদ্বোধন অনুষ্ঠানে যেমন আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’র মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হয়। সেখানে এবারের বিশ্বকাপের অফিসিয়াল সং ‘ডাই ডাই’ (লেটস গো) পরিবেশন করেন সেই ২০১০ সাল থেকে বিশ্বকাপের মুখ হয়ে ওঠা শাকিরা। কলম্বিয়ান এ পপ সুন্দরীর সঙ্গে ছিলেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। মেক্সিকোর জনপ্রিয় রক ব্যান্ড মানার পারফরম্যান্সে শুরু হয় ছোট্ট উদ্বোধন অনুষ্ঠানের সংগীত পর্ব। এবারের বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে থাকা শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস প্রমুখ পারফর্ম করেন।
ঐতিহাসিক এ আয়োজনের সাক্ষী হতে সকাল থেকেই বাহারি সাজে মেক্সিকো সিটির পথে নেমে পড়েন ফুটবলপ্রেমীরা। সবুজ জার্সি, মেক্সিকোর ঐতিহ্যবাহী বিশাল কাউবয় হ্যাট, রং-বেরঙের পোশাকে সজ্জিত পুরো মেক্সিকো সিটি হয়ে ওঠে বর্ণিল এক উৎসবের নগরী। সবার গন্তব্য আজটেকা স্টেডিয়াম, যেখানে এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে। দুটি ফাইনালও হয়েছে এ মাঠে; ওই দুই আসরে ট্রফি উঠেছিল ফুটবল-সম্রাট পেলে ও ফুটবল-ঈশ্বর ম্যারাডোনার হাতে। বিশাল লম্বা লাইন দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন ফুটবলপাগল মেক্সিকোবাসী। এ অনুষ্ঠানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে সরকারি কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম।
গতকাল শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে টরন্টো স্টেডিয়ামে ক্ষণগণনা দিয়ে শুরু হয় কানাডার উদ্বোধন অনুষ্ঠান। সেখানে কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত ফুটিয়ে তোলা হয়। পারফর্ম করেন সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, অ্যালিসিয়া ক্যারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজেড্রিম, উইলিয়াম প্রিন্স ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান র্যাপার সঞ্জয়। আজ শনিবার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরে ভিজুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা। সেইসঙ্গে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, আনিত্তা, লিসা, রেমা টাইলার মতো বিখ্যাত শিল্পী। এবারের উদ্বোধন অনুষ্ঠানগুলো প্রযোজনা করেন মার্কো বালিচ। অলিম্পিকসহ বেশ কয়েকটি বৈশ্বিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন তিনি।
তবে ৪৮ দেশের অংশগ্রহণে বিশ্বকাপের সবচেয়ে বড় এ আয়োজন ঘিরে সমালোচনাও চলছে। ১০৪টি ম্যাচের অধিকাংশই হচ্ছে যুক্তরাষ্ট্রে। সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির কারণে আফ্রিকার সেরা রেফারি যুক্তরাষ্ট্রে ঢুকতেই পারেননি। ইরান ফুটবল দলকে তো এক দিন করে ভিসা দেওয়া হয়েছে। আর ইরাকের এক ফুটবলারকে বিমানবন্দরে ৭ ঘণ্টা বসিয়ে রেখে প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে। সেনেগালের ফুটবলারদের জামা, জুতা, মোজা খুলে চেক করা হয়েছে। আফ্রিকার দুই দেশ সেনেগাল ও আইভরিকোস্টের সমর্থকদের যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি বলেও অভিযোগ উঠেছে।
ভিসা জটিলতা নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফিফা বিশ্বের রাজা নয়। তারা ইচ্ছা করলেই সবকিছু করতে পারে না। শুধু তাই নয়, টিকিটের উচ্চমূল্য নিয়েও কড়া সমালোচনার মুখে পড়েছে ফিফা। কোনো কোনো ম্যাচের টিকিটের মূল্য ৩০ হাজার ইউএস ডলার। বিষয়টি নিয়ে সমালোচনা হলে ৬০ ডলারের টিকিটের ব্যবস্থা করে ফিফা। কিন্তু এ স্বল্পমূল্যের টিকিট সাধারণ দর্শকের হাতে পড়বে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। এত সমালোচনা মাথায় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত বিশ্বকাপ।
"







































