বিনোদন প্রতিবেদক
সাব্বিরের ধ্যানে জ্ঞানে শুধুই গান

সাব্বির জামান, এই সময়ের একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। মাঝে মাঝে ভালোলাগা থেকে সুরও করেন। সাব্বির জামান যে সময়টাতে মিডিয়াতে পেশাগতভাবে যাত্রা শুরু করেছিলেন, সেই সময় তার সঙ্গে যারা ছিলেন মূলত স্টেজ শোতে তারাই সবচেয়ে বেশি ব্যস্ত থেকেছেন এবং পাশাপাশি এখনো তার ব্যস্ততা রয়েছে।
সাব্বির জামানের খুব বেশি যে জনপ্রিয় মৌলিক গান আছে এমনটাও নয়। কিন্তু দেশে বিদেশে যখন যেখানে স্টেজ শো করতে গিয়েছেন তিনি সবার হৃদয় জয় করে এসেছেন গান শুনিয়ে।
সাব্বিরকে সবাই ভালোবাসেন। তার প্রমাণও মিলেছে গত ৮ জুলাই তার জন্মদিনে। ফেসবুক জুড়ে তাকে নিয়ে সবার সুন্দর সুন্দর কথা বিশেষত শিল্পীরা তাকে নিয়ে বেশ ভালোলাগার কথা লিখে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে সাব্বির তার প্রিয় মানুষদের সঙ্গে নিয়েই বিশেষভাবে দিনটি উদযাপন করেছেন। সাব্বিরের বোন স্নিগ্ধার স্বামী এই সময়ের ব্যস্ত ও মেধাবী শিল্পী, সুরকার-সঙ্গীত পরিচালক শান সায়েক। রাজধানীর ইস্কাটনের গাউসনগরে প্রায়ই গানের আড্ডায় বসেন সাব্বির ও শান, সঙ্গে থাকেন আরো কয়েকজন শিল্পী।
এদিকে কিছুদিন আগে ?১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘আমরা দুজন পাখির কূজন’ গানের জন্য সেরা শিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন সাব্বির জামান। গানটি লিখেছেন লুৎফর হাসান। সুর সংগীত করেছেন শান সায়েক।
সাব্বির জামান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ধ্যান-জ্ঞান গান। গানকে ঘিরেই আমার সকল ভাবনা। তাই যখন যেখানে সময় মিলে সুযোগ মিলে গানের আড্ডায় মেতে উঠার চেষ্টা করি। আর আমরা দুজন পাখির কূজন গানের জন্য সম্মাননায় ভূষিত হয়েছি। সত্যি কথা বলতে কি, যাদের ছাড়া গানটি কোনোদিনও আলোর মুখ দেখত না তারা হলেন বন্ধু সংগীত পরিচালক শান সায়েক ও গীতিকবি লুৎফর হাসান। আমার এ প্রিয় দুই মানুষের কাছে দুই ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ও ‘ধ্রুব গুহ’ দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এ সুন্দর গানটি পৃষ্ঠপোষকতার জন্য।’
"









































