বিনোদন প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

প্রেম-বিয়ে নিয়ে যা বলছেন তটিনী

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। তবে জীবনে সঠিক মানুষ এলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

কিছুদিন আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন আবারও নাকচ করে অভিনেত্রী বলেন, ইয়াশ তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন।

তটিনীর ভাষায়, ‘হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরো ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’

ভবিষ্যতে কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান -এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, তিনি এমন একজনের অপেক্ষায় আছেন যিনি তাকে সম্মান করবেন, তার পেশা ও পরিবারকে ভালোবাসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে ভালো রাখতে পারবেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দেবে, আমাকে, আমার প্রফেশনকে এবং আমার পরিবারকে ভালোবাসবে। আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’

সম্পর্কের ক্ষেত্রে শুধু ভালোবাসাই নয়, পারস্পরিক সম্মান ও মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলেও জানান তটিনী। তার মতে, ভালোবাসা গুরুত্বপূর্ণ হলেও দিনশেষে একজন মানুষ আপনাকে সম্মান ও স্বস্তি দিতে না পারলে সেই সম্পর্কে সুখ খুঁজে পাওয়া কঠিন।

অভিনয়ের ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার একাধিক নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি সম্প্রতি সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত এবং খাইরুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত নাটক ‘সুতরাং’ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়