বিনোদন প্রতিবেদক
একই অনুষ্ঠানে গুরু শীষ্য

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ এবং শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মৃদুলা সমদ্দার গুরু শীষ্য। মৃদুলা সমদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়েই সংগীত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে যখন প্রিয়াংকা গোপ যোগ দিলেন তখন কিছুদিন তার ছাত্রী হিসেবে পেয়েছিলেন মৃদুলাকে। মিডিয়াতে মূলত মৃদুলার পথচলা এটিএন তারকার মধ্যদিয়ে। ২০০৬ সালে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে মৃদুলা তৃতীয় হয়েছিলেন।
পিরোজপুর থেকে ঢাকায় আসার পর মৃদুলা বেশ কিছুদিন ড. প্রিয়াংকা গোপের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছিলেন। এই গুরু শীষ্যকে এবার একুশে টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘গানের ওপারে’তে দেখা যাবে। এরইমধ্যে দু’জনের গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। ড. প্রিয়াংকা গোপ এই আয়োজনে গেয়েছেন হৈমন্তী শুক্লার ‘এতো কান্না নয় আমার’, নির্মলা মিশ্র’র ‘ওগো উপোষী রূপসী রাত’, আঞ্জুমান আরার ‘আমি স্বপ্ন বনের নীল অপরাজিতা’ ও নীলুফার ইয়াসমিনের ‘পথের শেষে অবশেষে’। অন্যদিকে মৃদুলা সমদ্দার গেয়েছেন শুভমিতার ‘আবার যেদিন ফিরে আসো’, মিতালী মুখার্জির ‘ভালোবাসা যতো বড় জীবন ততো বড় নয়’, দিলরুবা খানের ‘নির্জন যমুনার কোলে’ ও আশা ভোসলে’র ‘মহুয়ায় জমেছে আজ মৌ গো’ গানগুলো। শিগগিরই একুশে টিভিতে দুজনের এই গানগুলো প্রচার হবে।
ড. প্রিয়াংকা গোপ বলেন, ‘একুশে টিভির এই আয়োজনে এর আগেও গান গেয়েছিলাম। আবারো সুযোগ হলো আরো কিছু গান গাইবার। প্রতিটি গানই আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের। আর এবারের পর্বেও রেকর্ডিংয়ে মৃদুলার সঙ্গেও দেখা হয়ে ভালোলাগলো। মৃদুলা আমার ছাত্রী। কিছুদিন আমি তাকে পেয়েছি। মৃদুলা ভীষণ স্বতঃস্ফুর্ত একজন শিল্পী এবং মেধাবীও বটে। তার মধ্যে শেখার আগ্রহটা প্রবল। কিছুটা চঞ্চল কিন্তু তারমধ্যে ভীষণ গুরু ভক্তি আছে এবং সেই গুরু ভক্তিটার প্রকাশ ঘটাতেও কোনো কমতি রাখেনা। তার নিজস্ব গায়কীটাও আমার ভালোলাগে।’ মুদুলা সমদ্দার বলেন, ‘প্রিয় প্রিয়াংকা দিদি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে ক্লাশ নিতেন, তখনই তার ক্লাশ করার সুযোগ হয়েছিল আমার। পরবর্তীতে তার কাছে আমি ক্ল্যাসিক্যাল শিখি বেশকিছু দিন। তিনি আমার গানের গুরু। তাকে খুবই শ্রদ্ধা করি ভালোবাসি। একই আয়োজনে তাকে পেয়ে ভালোলাগেছে আমার। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে বিটিভির একটি অনুষ্ঠানে শ্রদ্ধেয় পল্লব স্যানাল দাদার সুরে অর্ঘ্য নিয়ে বসে আছি শিরোনামের একটি দিদির সঙ্গে গাইবার। আমি সবসময়ই প্রার্থনা করি দিদি সুস্থ থাকুক ভালো থাকুক। কারণ তার মতো গুণী একজন শিল্পী আমাদের দেশের জন্য সবসময়ই প্রয়োজন।’
"









































