বিনোদন প্রতিবেদক
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন অর্ষা

নাজিয়া হক অর্ষা বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। তার অভিনীত বহু নাটক এই দেশের নাট্যপ্রেমী দর্শককে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আবার দর্শক প্রায়শই এটাও বলেন যে একজন অর্ষা যে ধরনের গুণী একজন অভিনেত্রী, তাকে বাংলাদেশের ইণ্ডাষ্ট্রি ঠিকঠাক মতো কাজ লাগাতে পারেনি। অবশ্য এসব নিয়ে অর্ষাও নিজের কোনো ভাবনা নেই। তিনি শুধু তার কাছে আসা ভালো ভালো গল্প, সুন্দর এবং চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে মন দিয়ে অভিনয়টা করে যেতেই ভালোবাসেন। খিঁজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘ওরা সাতজন’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অর্ষা।
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই সিনেমায় (জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়ম অনুযায়ী তার অভিনীত চরিত্রটিকে পাশর্^ চরিত্র বলা হয়) অভিনয়ের জন্য অর্ষা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন। গতকাল সকালে শুটিংয়ে যাবার সময়কালে অর্ষা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো এই বিষয়টি আমার কাছে অনেকটা অপ্রত্যাশিতই ছিল। তবে আমার এই পুরস্কারপ্রাপ্তিতে যে মানুষটি সবচেয়ে বেশি খুশি হতেন তিনিই আজ আমাদের মাঝে নেই। আমি আমার মায়ের কথা বলছি। যেহেতু মায়ের কারণেই আমার আজ এই পর্যায়ে আসা এবং মা সর্বশেষ ওরা সাতজন সিনেমাটি আমার সঙ্গে হলে গিয়েই দেখেছিলেন, তাই এই রাষ্ট্রীয় সম্মাননা মা নিজের চোখে দেখে যেতে পারলে আমার আত্না শান্তি পেতো, আমার অনেক অনেক ভালোলাগতো। পুরস্কার পাচ্ছি নিশ্চয়ই অনেক আনন্দের বিষয়। কিন্তু যার কারণে আমার এই প্রাপ্তি তিনিই আজ নেই আমাদের মাঝে। তাই সবকিছু মিলিয়ে আমি একটু চুপচাপই আছি। কারণ ভীষণ এক শূন্যতা অনুভব করছি প্রতিটি মুহূর্তে। কারণ মা বেঁচে থাকলে এই প্রাপ্তিটা শতভাগ পরিপূর্ণতা পেতো। তারপরও আমি কৃজ্ঞত এই সিনেমার পরিচালকসহ এর সঙ্গে যুক্ত থাকা সবার প্রতি। কৃতজ্ঞ বিচারকদের প্রতি যারা আমাকে চূড়ান্ত করেছেন এবং আমার ভক্ত দর্শকের প্রতি।’
অর্ষা জানান, গতকাল ও আজ তিনি দীপ্ত টিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘খুশবু’র শুটিংয়ে ব্যস্ত থাকবেন। উল্লেখ্য, ২০২৫ সালে অর্ষার মা ‘মা পদক ২০২৫’এ ভূষিত হয়েছিলেন। এই সম্মাননা তিনি নিজের হাতে গ্রহন করেছিলেন।
"









































