আন্তর্জাতিক ডেস্ক
১৯ ঘণ্টা উড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাল কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ

অস্ট্রেলিয়ার বিমান পরিবহন সংস্থা কোয়ান্টাসের নতুন অতি-দীর্ঘ পাল্লার উড়োজাহাজ প্রথমবারের মতো টানা ১৯ ঘণ্টার একটি পরীক্ষামূলক ফ্লাইট শেষে অস্ট্রেলিয়ার মাটিতে অবতরণ করেছে। স্থানীয় সময় শুক্রবার ফ্লাইটটি ফ্রান্স থেকে অস্ট্রেলিয়ায় অবতরণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটগুলো পরিচালনার উদ্দেশ্যে কোয়ান্টাসের জন্য বিশেষভাবে তৈরি করা এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর বৃহস্পতিবার ফ্রান্সের তুলুজে অবস্থিত এয়ারবাসের উৎপাদন কেন্দ্র থেকে কোনো যাত্রাবিরতি ছাড়াই মেলবোর্নের উদ্দেশে যাত্রা শুরু করে। এই উড়োজাহাজগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে সেগুলো কোয়ান্টাসের পরিকল্পিত সিডনি থেকে লন্ডন সরাসরি রুটে টানা ২২ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। এই পরিষেবা ২০২৭ সালের অক্টোবর থেকে চালু হওয়ার কথা রয়েছে।
পরীক্ষামূলক এই ফ্লাইটটি পরিবহন ও বিমান চলাচলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শুক্রবার সকালে ফ্লাইটরাডার ২৪ ডট কমে প্রায় ১৭ হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথ অনুসরণ করেছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ, যা শুক্রবার বিশ্বে সবচেয়ে বেশি অনুসরণ করা ফ্লাইটে পরিণত হয়। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৩৩ মিনিটে তুলুজ থেকে উড্ডয়ন করে বিমানটি। এরপর টানা ১৯ ঘণ্টার কিছু বেশি সময় আকাশে থাকার পর স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে এটি মেলবোর্নে অবতরণ করে।
এক বিবৃতিতে কোয়ান্টাস জানিয়েছে, পরীক্ষামূলক এই ফ্লাইট পরিচালনা করেছেন এয়ারবাসের চারজন ফ্লাইট টেস্ট পাইলট এবং পাঁচজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। তাঁরা এবং উড়োজাহাজটি কিছুদিন মেলবোর্নে অবস্থান করবে। এরপর সোমবার তাঁরা টুলুজের উদ্দেশে রওনা হবেন এবং ফেরার পথে তাদের সঙ্গে কোয়ান্টাসের দুইজন পাইলটও থাকবেন।
কোয়ান্টাসের চিফ টেকনিক্যাল পাইলট অ্যালেক্স পাসেরিনি জানান, ফেরার যাত্রায় ২৩ ঘণ্টা সময় লাগবে। এই সময়ে ক্রুরা জ্বালানি স্থানান্তর (ফুয়েল ট্রান্সফার) ব্যবস্থা থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রণ (এয়ার কন্ডিশনিং) ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেম পরীক্ষা করবেন।
"






































