শরীফুল রুকন, চট্টগ্রাম
গুরুতর অপরাধের মামলা পিবিআই তদন্তে সাফল্য

বছরের পর বছর থমকে থাকতো মামলার তদন্ত। ঠিকানা খুঁজে না পেয়ে আসামিকে দেওয়া হতো মামলা থেকে অব্যাহতি। এতে আড়ালে থেকে যেত প্রকৃত অপরাধীরা। এখন সেই দিন আর নেই। তদন্তে শক্তিশালী ও কার্যকর সংস্থা হয়ে দাঁড়িয়েছে- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০১৬ সালের ১৬ জুন যাত্রা শুরু হয় পিবিআইয়ের চট্টগ্রাম মহানগর ইউনিটের। বর্তমানে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আটজন পরিদর্শক, তিনজন উপপরিদর্শক, নয়জন সহকারী উপপরিদর্শক ও পাঁচজন কনস্টেবল দায়িত্ব পালন করছেন। কার্যক্রম শুরুর পর থেকে গত ২ আগস্ট পর্যন্ত গত এক বছরে তদন্তের জন্য ৮৪৪টি মামলা পেয়েছে পিবিআইয়ের চট্টগ্রাম মহানগর ইউনিট; এরমধ্যে জিআর মামলা ১২২টি এবং সিআর মামলা ৭২২টি। গত এক বছরে তারা তদন্ত শেষ করেছে ৭০১টি মামলার; ৬৪২টি সিআর ও ৫৯টি জিআর।
খুন, ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়, চোরাচালান ও কালোবাজারি, মানব পাচার, সাইবার ক্রাইম, ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য-সংক্রান্তসহ ১৫ ধরনের মামলা তদন্ত করতে পারে পিবিআই। চৌকস কর্মকর্তা হিসেবে সুপরিচিতরা আছেন পিবিআইয়ে। রয়েছে উন্নত প্রযুক্তিগত সুযোগ-সুবিধা। এতে মামলা তদন্তে অগ্রগতি ও সাফল্য এসেছে। এভাবে আস্থা অর্জন করে চলেছে পুলিশের বিশেষায়িত এই ইউনিট।
এদিকে, নামের মিলের কারণে চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন নূর আলম ওরফে ভুট্টো। বিনা অপরাধে আড়াই বছর ধরে জেল খাটার এ তথ্য পিবিআইয়ের অধিকতর তদন্তে উঠে আসে। এরপর গত বছরের ৩১ অক্টোবর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার হয় আসল ভুট্টো।
বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর ছিলেন সুলতান আহম্মদ চৌধুরী; তার বড় ছেলে জালাল উদ্দিন সুলতানের বস্তাবন্দি লাশ পাওয়া যায় গত বছরের ১৯ নভেম্বর। আগ্রাবাদ সিডিএ আবাসিকের নালায় লাশ পাওয়ার ১৮ ঘণ্টার মধ্যে চার হত্যাকারীকে ধরে রহস্য উদ্ঘাটন করে পিবিআই।
গত বছরের ১৪ অক্টোবর রাতে পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকায় খুন হন নাসির উদ্দিন। ক্লু-বিহীন এ ঘটনায় দুই ছিনতাইকারীকে পিবিআই গ্রেফতার করতে সক্ষম হয়। পরে এই হত্যাকারীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
বন্দর থানা এলাকায় বিদেশ ফেরত যাত্রীদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মালামাল ডাকাতি হয় গত বছরের ৩ ডিসেম্বর। অভিযোগ পেয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে রহস্য উদ্ঘাটন করে পিবিআই। তাদের কাছ থেকে উদ্ধার হয় লুট করা মালামালও। পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, ‘সাইবার ক্রাইম ও নিখোঁজ ব্যক্তি উদ্ধারসহ চাঞ্চল্যকর ও আলোচিত বেশ কয়েকটি ঘটনার রহস্য উদ্ঘাটন আমরা করেছি। দায়িত্বের বাইরে গিয়েও পার্শ¦বর্তী জেলার বেশকিছু চাঞ্চল্যকর ঘটনা তদন্তে আমরা সহযোগিতা দিয়ে আসছি।’
এদিকে, গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নৈশ প্রহরী খুনসহ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে দেয় পিবিআই চট্টগ্রাম মহানগর। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতারের পাশাপাশি অস্ত্রশস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার হয়।
গত ১ জুন রাঙামাটির লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম ওরফে নয়ন হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে পরদিন কয়েকটি পাহাড়ি গ্রামের দুই শতাধিক বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। গুনবালা চাকমা নামের একজন বয়স্ক নারী আগুনে পুড়ে মারা যায়। অশান্ত হয়ে উঠে পাহাড়। খাগড়াছড়ি জেলা পুলিশ মামলাটি তদন্তে পিবিআইয়ের সহযোগিতা চায়।
এরপর টানা সাত দিন অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী রোনেল চাকমা ও সহযোগী জুনেল চাকমাকে গ্রেফতার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে পিবিআইয়ের চট্টগ্রাম মহানগর ইউনিট। এরপর শান্ত হয় পাহাড়ের পরিস্থিতি। একই সঙ্গে পিবিআইয়ের প্রতি বেড়ে যায় জনগণের আস্থা। পার্বত্য এলাকায় প্রশংসিত হয় পুলিশের নবীনতম ইউনিট পিবিআই। এভাবে দ্রুত সময়ে তদন্ত শেষ ও আসামি গ্রেফতার করে পিবিআই দেখাচ্ছে আশার আলো। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম মহানগর) মঈন উদ্দিন বলেন, ‘২৬ জন জনবল নিয়ে গত এক বছরে আমরা ৭০১টি মামলার তদন্ত শেষ করেছি। বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি গ্রেফতারে আমাদের উল্লেখযোগ্য সাফল্য আছে। বর্তমানে চট্টগ্রাম এলাকার জঙ্গি কার্যক্রমের ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহে তৎপরতা চালিয়ে যাচ্ছি আমরা।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, তদন্তকাজের জন্য বিশেষায়িত সংস্থা হিসেবে পিবিআই গঠন করা হয়েছে। গতানুগতিক তদন্তের বাইরে গিয়ে তারা তদন্ত করছে। বেশির ভাগ কর্মকর্তার তদন্তের মান অনেক ভালো। এতে মানুষ উপকৃত হচ্ছে।
তিনি আরো বলেন, তদন্তের মাধ্যমে পিবিআই আদালতের আস্থা অর্জন করেছে। নারী ও শিশু নির্যাতনের অভিযোগের মামলা এখন পিবিআইকেই তদন্তের নির্দেশ দিচ্ছেন আদালত। এ ক্ষেত্রে মাঝেমধ্যে পিবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছে। এ বিষয়ে তদারক কর্মকর্তাদের একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন।
"







































