বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীবেশী এক ছিনতাইকারী ব্যাটারিচালিত রিকশার চালককে ধারালো ধামা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের জলিল আম্বিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রিকশাচালক আব্দুন নবী (৫০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার মৃত আব্দুস ছবুরের ছেলে।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা জানান, দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় আব্দুন নবীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আহত রিকশা চালক আব্দুন নবী জানান, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীলের লালার দিঘীর পাড়ে যাওয়ার কথা বলে তার রিকশা ভাড়া করেন। খোকার দোকান অশ্বিনী চন্দ্রের বাড়ি এলাকা অতিক্রম করার পর ওই ব্যক্তি পিছন থেকে ধারালো ধামা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।
পথচারীরা জানান, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।পরে বিস্তারিত জানানো হবে।









































