রংপুর ব্যুরো

  ১ ঘণ্টা আগে

রংপুরে মদপানে পাঁচ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে মেয়াদউত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ৩ জুন দুলা মিয়া (৪৫) নামে একজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত বিষাক্ত অ্যালকোহল পানে দুলা মিয়াসহ পাঁচজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ঘটনার সাথে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেও জানিয়েছেন মিঠাপুকুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে উপজেলার বালারহাট বাজারে বেশ কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। এরপর তারা নিজ নিজ বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনার রাতেই কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) নিজ বাড়িতে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে বাকি চারজনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। এরপর মঙ্গলবার সকালে বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০) প্রাণ হারান। সর্বশেষ বুধবার দুলা মিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

রংপুরের মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এরশাদ শিকদার বলেন, গত ৩০ মে কয়েকজন মিলিয়ে তারা এক সাথে বসে নেশা জাতীয় বিষাক্তদ্রব্য খেয়েছে। সাপ্লাই দিয়েছে একজন। এই ঘটনার সাথে কয়েকজন জড়িত আছে। যারা মারা গেছে,তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর বলেন,ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমসহ গিয়েছি। কি কারনে মারা গেছে কেউ স্বীকার করেনী। বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং তদন্ত চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা অবৈধ মদ বিক্রেতাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে, বিষাক্ত ও অবৈধ অ্যালকোহল পানে এতগুলো প্রাণহানির ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জন্য দায়ী অবৈধ মাদক বিক্রেতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়