যশোর প্রতিনিধি
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে ডিম নিক্ষেপ

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এনসিপির দাবি, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে তাদের বহরে হামলা চালানো হয়।
দলটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তির নেতা রুপম আহসান অর্ণব। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ দলের অন্য নেতারা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। হামলার ঘটনায় কারা জড়িত এবং কী কারণে হামলা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেন, ‘বেনাপোলের সাদিপুর সীমান্তে কথিত পুশইন চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে পরিদর্শনে যায়। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে দুটি গাড়ি বেনাপোল বাজারে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে দলের চার নেতা আহত হন। নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আমরা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এদিকে হামলার পর বহরের একটি গাড়ির ভাঙা জানালার কাচের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিন তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। চারজন আহত হয়েছেন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।’ এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বেনাপোল থানার ওসি আশরাফ হোসেন। তিনি বলেন, ‘এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ সঠিক নয়।
"







































