নিজস্ব প্রতিবেদক
একই নীতিমালায় আসছে ইংলিশ মিডিয়াম স্কুল
গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশের সব ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার মান উন্নয়ন, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
গতকাল বুধবার রাজধানীতে অবস্থিত আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষা কাঠামো গড়ে তুলতে কাজ করছে। তিনি জানান, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর
গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, বরং চিন্তা করতে, উদ্ভাবন করতে এবং নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরাই। তাই তাদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।’
তিনি আরো বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম যে ধারাতেই শিক্ষার্থী পড়াশোনা করুক না কেন, সবাই যেন সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পায়, সরকার সে লক্ষেই কাজ করছে।
পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষাচর্চা আরো সম্প্রসারণের আহ্বান জানান। এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
"







































