নিজস্ব প্রতিবেদক

  ২৩ ঘণ্টা আগে

আগামী বছর থেকে স্বল্প খরচে হজ ফ্লাইট

আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে তুলনামূলক অনেক কম খরচে হজ ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে দেশের স্বনামধন্য বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। সংস্থাটি জনপ্রতি নেট ভাড়া প্রস্তাব করেছে মাত্র ৯৮ হাজার টাকা। গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠি পাঠিয়ে এ প্রস্তাব দিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, তারা হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত মেনে আসন্ন মৌসুমে তারা ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত। প্রস্তাবিত ৯৮ হাজার টাকা নেট ভাড়ার সঙ্গে ট্যাক্স, চার্জ এবং এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়। এতে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের তুলনামূলক কম খরচে হজ পালনের সুযোগ তৈরি হবে। চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়ার পাশাপাশি তাদের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসও যাত্রী পরিবহন করছে।

বর্তমানে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া এবং ফ্লাইনাস হজযাত্রী বহন করছে। মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী বছরের হজের জন্য বিমান ভাড়া ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা প্রস্তাব করেছে। তবে চূড়ান্ত ভাড়া এখনো নির্ধারিত হয়নি।

গত মৌসুমে হজ প্যাকেজের একটি বড় অংশ ছিল বিমান ভাড়া, যা ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সে তুলনায় ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া উল্লেখযোগ্যভাবে অনেক কম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়