নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গত রবিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬৮ বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। গতকাল সোমবার হজ অফিসের এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৩টি, সৌদিয়া এয়ারলাইনস ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ অফিসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫২ হাজার ৫৫৫ জন হাজি দেশে ফিরেছেন। এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসব হজযাত্রীর মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হজ বুলেটিনের তথ্যানুযায়ী, নানা ধরনের অসুস্থতায় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৪ হাজার ১৪৯ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্পডেস্ক ২৭ হাজার ৮৯০ জন হাজিকে সেবা প্রদান করেছে। এ বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয় এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
"








































