কালো মেঘে ঢাকা আকাশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথায় বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। অফিসের যাওয়ার আগমুহূর্তে বৃষ্টি আসায় বিপাকে পড়েছেন মানুষ।
গতরাতে রাতের বেশ কিছু সময় ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে ছিল বাতাসের শন্শন্ আওয়াজ। রাতের শেষ দিকে বৃষ্টি থেমে গেলেও সকাল থেকে আবারো কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। ঘন কালো মেঘের ভেলা খেলা করে আকাশজুড়ে।
সকাল আটটার দিকে ঢাকায় রাতের অন্ধকার নেমে আসে। এর কিছুক্ষণ পর আকাশ ভেঙে নেমে আসে ঝুম বৃষ্টি। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে অফিসগামী মানুষ। গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে ছুটতে দেখা যায়। নিমেষেই রাজধানী পথঘাট পানিতে একাকার হয়ে যায়। এর ফলে বিপাকে পড়তে হয় অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের।
সকালে আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়ারূপে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। এছাড়া তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে। সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা ছাড়াও ফরিদপুর, টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। অনেক জায়গা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পিডিএসও/হেলাল









































