বেড়া (পাবনা) প্রতিনিধি
সাঁথিয়ায় গৃহবধূর আত্মহত্যা

পাবনা সাঁথিয়ায় ময়না খাতুন (৩০) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার দুপুর ২টার দিকে সাঁথিয়া পৌরসভার কালাইচারা গ্রামে আত্মহত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের চাঁদু মোল্লার স্ত্রী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চাঁদু আলী তার স্ত্রী ও মেয়ে মায়াকে বাড়িতে রেখে কালাইচারা মোড়ে বাঙ্গি বিক্রি করতে যান। এ সময় তাদের মেয়ে একই গ্রামে তার মামা বাড়ির ফ্রিজ থেকে মাছ আনতে যায় রান্নার জন্য। এ সময় ময়না তার মেয়েকে বলেন—মোবাইলে একখান ছবি চালিয়ে দিয়ে যা, আমি দেখি তুই মাছ নিয়ে আয়। কিছুক্ষণ পর মেয়েটি বাড়িতে এসে দেখে তার মা ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশিরা এসে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ময়না মারা যান।
এ ব্যাপারে চাঁদু মোল্লার মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার সংসারে কোনো ঝগড়া বিবেদ নাই। কি জন্নি আমার বউ ফাঁসি নিলো হেই জানে আর আল্লাহ জানে।
সাঁথিয়া থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মূল কারণ জানা যাবে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
পিডিএসও/হেলাল









































