মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে স্থানীয় সরকারমন্ত্রী
সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশকে নিয়ে চিন্তাশীল বিশ্বে দশজন রাষ্ট্রনায়কের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র। সে লক্ষ্যে কাজ করে চলছে শেখ হাসিনার সরকার।
বৃহস্পতিবার লাকসাম পৌরসভার উদ্যোগে আয়োজিত লাকসাম বাজারের প্রধান সড়ক নোয়াখালী রেলগেইট হতে ছিলনিয়া ব্রিজ পর্যন্ত রিজিড পেভমেন্ট ও ফ্লেক্সিবল পেভমেন্ট কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আজকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, অর্থনীতির উন্নয়ন অগ্রগতি জানান দিচ্ছে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে। উন্নয়ন কাজে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নির্বাচনী এলাকায় সালিশ দরবারের নামে কেউ টাকা খেলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়কারী যে দলের হোকনা কেন তাকে ছাড় দেওয়া হবে না। অতএব সাবধান, সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকুন।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী লাকসাম পৌরসভাকর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত নারী অপেক্ষাগারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্যাহ কায়েস।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মো: সোহরাব আলী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তাহের, এডভোকেট তানজিনা আক্তারসহ অনেকে।
পিডিএসও/রি.মা









































